
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার ঘটনায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সদস্য উমর খালিদকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোটা ঘটনায় উমরকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। খবর আনন্দবাজার পত্রিকা।
দিল্লি সংহিসতার ঘটনায় গত ৬ মার্চ প্রথম উমর খালিদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাতে বলা হয়, উস্কানিমূলক ভাষণ দেয়ার পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকাকালীন রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে দিল্লিবাসীকে উন্ধন জোগান উমরই, যাতে সংখ্যালঘুদের কোণঠাসা করা হচ্ছে, এমন বার্তা আন্তর্জাতিক মহলে পৌঁছে দেয়া যায়।
উল্লেখ্য,বিরোধীদের আপত্তি উড়িয়ে গত বছর ডিসেম্বরে সংসদে সংশোধিত্ব নাগরিকত্ব আইন পাশ করিয়ে নেয় মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেইসময় তেতে ওঠে রাজধানী দিল্লির পূর্ব অংশ। শাহিনবাগ-সহ একাধিক এলাকায় সিএএ বিরোধী আন্দোলন মাথাচাড়া দেয়। এ বছর ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর চলাকালীন, সিএএ বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে পরিস্থিতি তেতে ওঠে। তাতে ৫৩ জন প্রাণ হারান। আহত হন ২০০-র বেশি মানুষ।
সেই ঘটনার তদন্তে সম্প্রতি দিল্লি পুলিশের তরফে যে চার্জশিট জমা দেয়া হয়েছে, তাতে নাম রয়েছে সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, অধ্যাপক জয়তী ঘোষ, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়-সহ আরো বেশ কয়েকজন রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদেরও।
