ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল

ফাতেহ ডেস্ক

আগামী ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহে নামছে নির্বাচন কমিশন।

ভোটার তালিকা হালনাগাদে ৫২ হাজার ৫০০ জন তথ্য সংগ্রহকারী, ১০ হাজার ৫০০ জন সুপারভাইজার ও ৭৮০ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার নিয়োজিত থাকবেন।

জানা গেছে, এবার তথ্য হালনাগাদে যাদের বয়স ১৮ হয়নি, কিন্তু ১৬ পেরিয়েছে (২০০৩ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম), তাদের তথ্য নেয়া হবে। ভোটার হওয়ার বয়স হলে তাদের তালিকাভুক্ত করে নেয়া হবে।

এবার প্রায় ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে নাগরিকদের আঙুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলবে। কবে কোন এলাকায় কোথায় নিবন্ধন হবে তা পরে জানানো হবে।

হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে ও ভোটার স্থানান্তরের আবেদন নেওয়া হবে।

বর্তমানে দেশের ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন ভোটারের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ আর ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী। অর্থাৎ, ভোটার তালিকায় পুরুষ ও নারীর অনুপাত- ৫০.৪২: ৪৯.৫৮।

আগের সংবাদসোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের পরিবারের সাক্ষাৎ1