ভোলার হত্যাকাণ্ডে আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন চরমোনাই পীর

ভোলার হত্যাকাণ্ডে আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন চরমোনাই পীর

ফাতেহ ডেস্ক :

ভোলার বোরহান উদ্দীনে হত্যাকাণ্ডের ঘটনায় আবারও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ৩ নভেম্বর (রবিবার) দুপুর ২টায় চট্টগ্রাম শহরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বোরহান উদ্দীনের ঘটনা উল্লেখ করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ইসলাম, মহান আল্লাহ তায়ালা, রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-সহ মুসলমানদের স্পর্শকাতর বিষয়ে অশ্লীল কটূক্তি করে সাম্প্রদায়িক উস্কানি দেয়া এদেশের একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ভোলার বোরহান উদ্দীনে মুসলমানদের আবেগ অনুভূতিতে আঘাত করার পর মুসলমানদের স্বভাবজাত ঈমানী প্রতিক্রিয়াকে প্রশাসন বর্বর কায়দায় দমন করে। এতে ৪ প্রাণহানী ঘটে, ৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের প্রাণাধিক প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, তার প্রতিবাদ করলে গুলি করে হত্যা করা হবে আবার মামলা দিয়ে হয়রানিও করা হবে, এটা সহ্য করা যায় না। ভোলার ঘটনায় নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের চিকিৎসা খরচ দিতে হবে এবং অবশ্যই গণমামলা প্রত্যাহার করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে এই ধরণের ঘটনা রোধে কার্যকর আইন পাশ করতে হবে।”

সমাবেশে তিনি দেশের স্বাধীনতা সুরক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তীব্র ছাত্র গণজাগরণ সৃষ্টি করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি রিদাওয়ানুল হক শামসীর পরিচালনায় এবং সংগঠনের জয়েন্ট সক্রেটারী জেনারেল ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে বিভাগীয় ছাত্র-সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলামা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম ও ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় ছাত্র নেতৃবৃন্দ।

আগের সংবাদ‘কিশোর আলোর’ অনুষ্ঠানে নিহতের ঘটনায় ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন আগামীকাল
পরবর্তি সংবাদচার জেলায় অনুষ্ঠিত হবে আলমী শুরার সাথীদের ইজতেমা পূর্ববর্তী জোড়