ভোলায় ফেসবুকে নবীকে কটূক্তি করার অভিযোগে পুলিশ হেফাজতে হিন্দু যুবক

ফাতেহ ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে পুলিশ হেফজতে রাখা হয়েছে বিপ্লব চন্দ্র নামে এক হিন্দু যুবককে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটেছে। বিপ্লব চন্দ্র শুভ উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে।

সূত্র মারফত জানা যায়, শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ’র নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Biplob Chandra Shuvo থেকে আল্লাহ তায়ালা ও নাবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেসবুক বন্ধুদের কাছে ম্যাসেজ যায়। এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে যায়। তখন থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে বিপ্লব চন্দ্র শুভ নিজের ইচ্ছায় আমাদের কাছে এসেছে। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শনিবার সকালে এ ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ এর বিচার দাবি করে বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে মানববন্ধন এবং বোরহানউদ্দিন থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা। তারা ঘটনার সত্যতা যাচাই করে বিপ্লব চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আগের সংবাদকাশ্মীরে কোনো ধরনের প্রতিবাদ-আন্দোলন বরদাস্ত করা হবে না : কাশ্মীর প্রশাসন
পরবর্তি সংবাদমাদরাসাগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন শায়খ গুম্মান