ফাতেহ ডেস্ক :
ভোলার বোরহানউদ্দিনে তৌহিদি জনতার ওপর চালানো হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ ৬ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের নেতারা।
স্থানীয় একটি চাইনিজ রেঁস্তোরায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. মোবাশ্বরুল হক নাঈম।
ওই সংগঠনের সভাপতি মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা ইয়াছিন নবীপুরী, মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। তারা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
সংবাদ সম্মেলন থেকে আগামী ২৩ নভেম্বর শহরের জেলা স্কুল মাঠে দোয়া মাহফিল করার ঘোষণা দোয়া হয়। পাশাপাশি ছয় দফা দাবি আদায় না হলে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দেন তারা।
এদিন সংবাদ সম্মেলনের আগে রোববার দুপুরে সংগঠনটির সভাপতি আবদুর রহমান খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে স্মারকলিপি তুলে দেন।
উল্লেখ্য, ২০ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনাকে কেন্দ্র করে তৌহিদি জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে চারজন শহীদ হন।
