
আলী যুবায়ের খান
ময়মনসিংহ থেকে>
ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতী ফজলুল হক রহ. এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বাদ যোহর ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের নিজ বাসস্থান গলগন্ডা গোরস্থানে উনাকে দাফন করা হয়।
প্রবীণ এ আলেমের জানাজায় অংশ নিতে আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রখর রোদ উপেক্ষা করে সারাদেশ থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম, মরহুমের অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী উপস্থিত হোন। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাপরিচালক ও মরহুমের শ্যালক মাওলানা যুবায়ের আহমেদ।
এসময় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জি, মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হক, জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হকসহ বিভিন্ন মাদসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর শায়খুল হাদীস, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সভাপতি মুফতী ফজলুল হক র: এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে মুফতী ফজলুল হক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য ছাত্র এবং গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে অসুস্থতা বোধ করলে তাকে ময়মনসিংহের নেক্সাস কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় রেফার করা হয়।
মুফতী ফজলুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম, জামিয়া ইসলামিয়া সেহড়া ময়মনসিংহের শায়খুল হাদিস, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সভাপতি ছিলেন।
