ফাতেহ ডেস্ক :
মসজিদে জমি দেয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এক বৃদ্ধা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত জোসনা বেগম (৬০) ওই এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, রৌহা গ্রামে একটি মসজিদের কাছাকাছি আরেকটি নতুন মসজিদ নির্মাণের জন্য জোসনা বেগমের দেবর-ভাসুরেরা জমি দান করেছেন। সেখানে জমি দেয়ার জন্য জোসনা বেগমের পরিবারকেও চাপ দেয়া হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যার পর উভয়ের সাথে হাতাহাতির একপর্যায়ে গুরুতর আহত হন জোসনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।
