
ফাতেহ ডেস্ক
স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মসজিদগুলো বন্ধ রাখার সুপারিশ করেছে ইসলামিক কমিশন অব স্পেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইসলামিক কমিশন অব স্পেন এর সভাপতি রিয়াই তাতারি বাকরি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৩ মার্চ) থেকে ২০ মার্চ শুক্রবার পর্যন্ত স্পেনের সকল মসজিদ বন্ধ রাখা এবং সম্মিলিত প্রার্থনা স্থগিতের সুপারিশ করা হয়।
ইতিমধ্যে শুক্রবার মাদ্রিদ ও বার্সেলোনায় অধিকাংশ মসজিদে জুম্মার নামাজ স্থগিত করা হয়েছে। বাংলাদেশিদের দ্বারা পরিচালিত অনেক মসজিদেও জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়নি।
ইসলামিক কমিশন অব স্পেন এর জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজে অজ্ঞাত পরিচয় লোকদের আগমন এড়ানো এবং স্বতন্ত্রভাবে নামাজ আদায় করতে অনুপ্রাণিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে চলতে মসজিদে সম্মিলিত নামাজ আদায়ের প্রথা থেকে আপাতত সরে আসা উত্তম বলে উল্লেখ করা হয়।
ইসলামিক কমিশন অব স্পেন এর সভাপতি রিয়াই তাতারি বাকরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্পেনের স্বাস্থ্যনীতি মেনে চলা এবং স্প্যানিশ সমাজের জনস্বাস্থ্যের দিকে নজর রাখাও মুসলমানদের দায়িত্ব।
স্পেনে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ৪ হাজার ২০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১২০ জন মৃত্যুবরণ করেছেন এবং ১৮৯ জন সুস্থ হয়েছেন। স্পেন সরকার ইতিমধ্যে জরুরি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে।
মাদ্রিদে স্বাস্থ্য কর্তৃপক্ষ ১২ মার্চ থেকে স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল করেছে ও সঙ্কটজনিত প্রয়োজনীয়তায় সাড়া দিয়ে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে।
-এ
