মসজিদে বিস্ফোরণ: অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া মিটার রিডার গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসি’র চাকুরিচ্যুত বিদ্যুতের মিটার রিডারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সোমবার (১২ অক্টোবর), গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা থানার কিল্লালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আরিফুর রহমান (৩০) পটুয়াখালী জেলার বাউফল থানার ইউনুস হাওলাদারের ছেলে।

এ ঘটনায় সিআইডি পুলিশ এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিতাসের আটজন এবং ডিপিডিসির দুইজন।

সিআইডি’র নারায়ণগঞ্জ শাখার বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আরিফুর রহমান মসজিদে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়েছিলো বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। এই অবৈধ সংযোগ স্পার্ক করেই তিতাসের লিকেজ থেকে জমাট বেঁধে থাকা গ্যাসের সংমিশ্রণে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আরিফুর রহমানের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আজই আদালতে হাজির করা হবে।

পুলিশ সুপার আরো জানান, বিস্ফোরণের কারণ উদঘাটন করতে তিতাস, ডিপিডিসি এবং মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিষয়ে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণে তিতাস, ডিপিডিসি এবং মসজিদ কমিটিসহ বিভিন্ন সংস্থার গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তিতাস এবং ডিপিডিসির কর্মকর্তা কর্মচারিদের মধ্যে যাদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যে তাদের দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে মসজিদ কমিটির যাদের দায় রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তদন্তের অগ্রগতির কথা উল্লেখ করে আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেন সিআইডি’র এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে এশা’র নামাজ চলাকালে তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে প্রায় অর্ধশত মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে এ পর্যন্ত এক শিশু ও মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনসহ ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা মামলাটি তদন্ত করছে সিআইডি পুলিশ।

আগের সংবাদনতুন নিলাম পদ্ধতি আবিষ্কার করে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ
পরবর্তি সংবাদপুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ, ফাঁড়িপ্রধানসহ ৪ পুলিশ বরখাস্ত