
ফাতেহ ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার এলাকায় রায়হান উদ্দিন আহমদ (৩০) নামে এক যুবক পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর আজ সোমবার কোতোয়ালি থানার অধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শকসহ (এসআই) চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয়েছে ওই ফাঁড়ির আরো তিন পুলিশ সদস্যকে।
বিকেলে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, ‘এরই মধ্যে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর আলী ভুঁইয়াসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে। তিনজন প্রত্যাহার হয়েছে। ঘটনা তদন্তে এসএমপির উপকমিশনার (ডিসি-দক্ষিণ) আজবাহার আলী শেখকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’
গতকাল রোববার ভোরে রায়হান উদ্দিন আহমদ মারা যান। তিনি নগরের আখালিয়া এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। রায়হানের বাবাও একসময় পুলিশের চাকরি করতেন। রায়হান নগরীর স্টেডিয়াম মার্কেটে দুজন চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। রাহনুমা আক্তার নামে দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন তিনি।
