মসজিদে বিস্ফোরণ: আজ গ্যাসের উৎস সন্ধানে মাটি খোঁড়া হবে

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের উৎস অনুসন্ধানে সোমবার মাটি খুঁড়ে তল্লাশি চালানো হবে।

মসজিদে এসি বিস্ফোরণ হয়নি উল্লেখ করে রবিবার নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য জানান। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির এই সদস্য এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের গঠিত আলাদা দুটি তদন্ত কমিটির সদস্য আব্দুল্লাহ আল আরেফিন বলেন, তদন্ত কমিটির সবাই কাজ করছেন। বিদ্যুৎ, গ্যাসসহ সব কিছুই পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যথাসময়ে প্রতিবেদন জমা দেয়া হবে। ইতোমধ্যে মসজিদের একটি এসি খুলে দেখা হয়েছে। সেখানে দেখা যায়, আগুনে এসির উপরে কভার নষ্ট হয়েছে। তবে ভিতরের সব কিছুই ঠিক আছে। এসি বিস্ফোরণ হয়নি।

তিনি আরও বলেন, গ্যাসের লাইনে লিকেজের বিষয়ে আগামীকাল মাটি খুঁড়ে দেখা হবে মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন আছে কিনা। তাছাড়া কোথা দিয়ে গ্যাস বের হয়েছে। তবে এ কার্যক্রম কাল কখন শুরু হবে সেটি বলা যাচ্ছে না।

গত শুক্রবার রাত পৌনে ৯টায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৯ জন দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে ৫ সদস্যের, ফায়ার সার্ভিস থেকে ৪ সদস্যের ও তিতাস থেকে ৩ সদস্যের তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। যার মধ্যে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে ৫ কর্মদিবস, ফায়ার সার্ভিসকে ১০ কর্মদিবস ও তিতাসকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

আগের সংবাদদায়ীদের আইনের আওতায় না আনলে আন্দোলনের হুমকি নেতাদের
পরবর্তি সংবাদমুসলিম নারীদের জোরপূর্বক বন্ধ্যা ও নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরলেন এক উইঘুর নারী