
ফাতেহ ডেস্ক:
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ (রোববার) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার এই রিট করেন।
তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে নিহত ও আহত প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে আরজি জানানো হলে আদালত লিখিত আবেদন করতে বলেন। এরপর এই রিট আবেদন করা হয়।
এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন বাকি ১৩ জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন ইন্সটিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। এখন পর্যন্ত ২২ জনের দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিস্ফোরণে দগ্ধের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন, মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) ও জুলহাস (৩৫)।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ছয়টি এসির বিস্ফোরণের ঘটে (প্রাথমিক ধারণা গ্যাস লাইনের লিক হয়ে মসজিদটি গ্যাস চেম্বারে পরিণত হয়)।
