মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চালুর তিন বছরের মধ্যেই সংস্কারের উদ্যোগে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জাতীয় মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। টোল থেকে যে টাকা আদায় হবে সেই টাকা মহাসড়ক সংস্কারে খরচ করার কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী বলেন, মহাসড়ক সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণে বাজেট থেকে টাকা দিলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ বাড়ে। তাই সরকারি তহবিল থেকে সড়ক সংস্কারের টাকা না দিয়ে টোল থেকে যে টাকা আদায় হবে, বছরব্যাপী সেই টাকা দিয়ে সড়ক সংস্কার করতে হবে। টোল আদায়ের জন্য বিকল্প একটি অ্যাকাউন্ট খোলার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা কমিশন থেকে পাওয়া তথ্য বলছে, গতকালের একনেক সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কারের জন্য ৭৯৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। তিন হাজার ৬০০ কোটি টাকা খরচ করে ১৯২ কিলোমিটার দৈর্ঘ্যের মহাড়কটির কাজ শেষ হয় ২০১৬ সালে। চার লেনবিশিষ্ট মহাসড়কটি তিন বছর না যেতেই বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গর্ত, খানাখন্দ। মাত্র তিন বছরের মধ্যেই মহাসড়কটি সংস্কারের প্রয়োজন হওয়ায় বিরক্ত হন প্রধানমন্ত্রী।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অনুশাসন উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে সাধারণত সড়ক-মহাসড়কে সেতু থেকে টোল আদায় করা হয়। কিন্তু মহাসড়ক থেকে টোল আদায় করা হয় না। প্রধানমন্ত্রী মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন। আমাদের ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর মহাসড়ক থেকে টোল আদায় করা হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, সারা বিশ্বেই মহাসড়ক থেকে টোল আদায়ের উদাহরণ আছে। তবে কোন মহাসড়কে টোলের হার কত হবে, সেটা সবার সঙ্গে আলাপ-আলোচনা করে নির্ধারণ করা হবে। এভাবে সড়ক সংস্কারের জন্য সরকারি কোষাগার থেকে টাকার জোগান দেওয়া আর যাবে না। টোল থেকে যে টাকা আদায় হবে, সেই টাকা দিয়ে সড়ক সংস্কার হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সড়ক রয়েছে ২১ হাজার ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে তিন হাজার ৯০৬ কিলোমিটার জাতীয় মহাসড়ক। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ উন্নত বিশ্বের উদাহরণ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, ওই সব দেশে টোল আদায় জনপ্রিয়। কোথাও কার্ডে টোল আদায় হয়, কোথাও ক্যাশে। মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের মতো আমাদের এখানেও মহাসড়কে ৫০ কিলোমিটার দূরত্বে সড়কে গেট থাকবে। অবশ্য স্থানীয় যানবাহন টোলের আওতায় আসবে না। দূরবর্তী যানবাহনই টোলের আওতায় আসবে বলে জানান মন্ত্রী।

আগের সংবাদসেনা ঘাঁটি নির্মাণের জন্য ফিলিস্তিনের কৃষিজমি ধ্বংস করছে ইসরাইল
পরবর্তি সংবাদপাকিস্তান আসছেন আরব আমিরাত ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা