
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম আহূত আজাদি মার্চে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম লীগ (নওয়াজ), পাকিস্তান পিপলস পার্টি, আওয়ামী ন্যাশনাল পার্টিসহ দেশটির বড় বড় রাজনৈতিক দলগুলো।
শনিবার জমিয়তে উলামার প্রাদেশিক সচিবালয়ে একটি বহুদলীয় সম্মেলনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বড় বড় রাজনৈতিকদলগুলোর বাইরে কওমি ওয়াতন পার্টি, পাখতুনখাওয়া মিল্লি আওয়ামি পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলও ইমরান খানের সরকারবিরোধী ওই বিক্ষোভে অংশ নেবে। খবর ডন অনলাইনের।
ডন অনলাইন জানায়, আজাদি মার্চে সভাপতিত্ব করবেন জেইউআই-এফ দলের প্রাদেশিক প্রধান মাওলানা আত্তাউর রেহমান। সম্মেলনে অংশগ্রহণকারী দলগুলো আজাদি মার্চের জন্য একটি যৌথ কৌশলপত্র চূড়ান্ত করেছে।
দক্ষিণাঞ্চলীয় জেলা খাইবার পাখতুনখাওয়া থেকে মিছিল নিয়ে ইসলামাবাদ হয়ে ৩১ অক্টোবর খোহাত-ফাতেহ জং সড়কে পৌঁছাবে। একই সময় পেশওয়ার, মালাকান্দ, মার্দান ও হাজার বিভাগের মিছিল পাঞ্জাব হয়ে গ্রান্ড ট্রাংক রোডে গিয়ে থামবে।
এদিকে আইন ও শৃঙ্খলা নিয়ে প্রাদেশিক সরকার আট সদস্যের একটি মন্ত্রীসভার কমিটি গঠন করেছে। আইনমন্ত্রী সুলতান মোহাম্মদ খানকে প্রধান করে স্থানীয় সরকার মন্ত্রী শাহরাম তারাকেই, যোগাযোগ ও পূর্তমন্ত্রী আখবার আইয়ুব, তথ্য মন্ত্রী শওকত আলী ইউসুফজাইও রয়েছেন।
