
ফাতেহ ডেস্ক
চট্টগ্রামের ওমর ফারুক ইসলামিয়া মাদরাসার উলুমুল হাদিস বিভাগের ছাত্র শাহাদাত হোসাইনকে (২৪) ডিবি পুলিশের পরিচয় দিয়ে একদল লোক উঠিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শাহাদাত হোসাইনের বড়ভাই গণমাধ্যমকে জানান, গত ১৬/১০/২০১৯ তারিখে যশোর থেকে রাত ৮ টার গাড়িতে করে চিটাগং যাওয়ার পথে ৪/৫ জন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে গাড়ী থেকে নামিয়ে নিয়ে যায়, এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শাহাদাত হোসাইন যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। কওমি মাদরাসায় দাওরা ও ইফতা শেষ করে চট্টগ্রামের ওমর ফারুক ইসলামিয়া মাদরাসায় উলুমুল হাদিস বিষয়ে এ বছর অধ্যয়নরত ছিলেন।
শাহাদাতের বড়ভাই চট্টগ্রামগামী ওই বাসের সুপার ভাইজারের বরাতে জানান, চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর কাঁচপুর ব্রিজের নিকটে গেলে ডিবির পরিচয়ধারী ৪/৫ জন লোক গাড়িতে উঠে যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে থাকে, শাহাদাতের কাছে বিভিন্ন প্রশ্ন করলে সে ভয় পেয়ে যায়। তখন তারা তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় এবং নিজেদেরকে ডিবি বলে পরিচয় দিয়ে গাড়ি ছেড়ে দিতে বলে।
শাহাদাতের বড়ভাই বলেন, আমরা নারায়নগঞ্জের বিভিন্ন থানা ও ডিবি কার্যালয়ে যোগাযোগ করেছি ইতিমধ্যে, তারা কোনো সন্ধান দিতে পারেনি।
তিনি জানান, শাহাদাত কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সাথে প্রতক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয়।
তিনদিন ধরে শাহাদাতের কোনো খোঁজ না পেয়ে তাঁর পরিবার চরম উৎকণ্ঠা ও পেরেশানিতে সময় পার করছে বলে জানান শাহাদাতের বড়ভাই।
