মাস্ক-স্যানিটাইজারের দাম নিয়ে কারসাজি হচ্ছে কিনা তদারকির নির্দেশ

ফাতেহ ডেস্ক

পেঁয়াজের মতো মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম নিয়ে যেন কোনো কারসাজি না হয় বিষয়টি তদারকি করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। কেউ যেন বেশি দাম না নিতে পারেন এবং মজুত না করতে পারেন তার জন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তদারকি করতে বলেছেন আদালত।

সোমবার কভিড প্রতিরোধে নেয়া পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদনের ওপর শুনানিতে আদালত এসব কথা বলেন। বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।

আদালত বলেছেন, মানুষের সচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ বিষয়ে গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক নির্দেশনাও দিতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের বলেছে, হট লাইন খোলা হয়েছে। সব সরকারি হাসপাতালে কভিড চিকিৎসার জন্য আলাদা ইউনিট এবং সব বেসরকারি হাসপাতালে এ সংক্রান্ত সেল খোলার নির্দেশনা দেয়া হয়েছে।

পরে হাইকোর্ট নির্দেশনায় বলেন, দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে পর্যাপ্ত থার্মাল স্ক্যানার বসাতে হবে। বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি থার্মাল স্ক্যানারের মধ্যে দুটি নষ্ট থাকায় অবিলম্বে এগুলোকে সচল করতে হবে।

কভিড কেন্দ্র করে মাস্কসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মূল্য নিয়ে কেউ যাতে অনৈতিক ব্যবসা করতে না পারে, সে জন্য প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটর করার নির্দেশনা দেয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার গৃহীত পদক্ষেপ-সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন। শুনানি নিয়ে আদালত কার্যক্রমের অগ্রগতি জানাতে আগামী ৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে ৫ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চান হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই তথ্য জানানোর জন্য বলা হয়েছিল। সেই নির্দেশনা মোতাবেক সোমবার এ প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

-এ

আগের সংবাদগাছ কেটে ফেলা হলো চলন্ত ইজিবাইকের উপর, নিহত ৫
পরবর্তি সংবাদঅযথা মাস্ক পরে ঘোরার দরকার নেই: প্রধানমন্ত্রী