মুসল্লিদের বাঁচাতে খুনীকে কাছে ডেকে নিয়েছিলেন আজিজ

ফাতেহ ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত এবং আরো ৪৫ জনের বেশি আহত হয়েছেন। এ হামলা থেকে মুসল্লিদের বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলে বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকা রাখেন আফগানিস্তানের শরণার্থী আব্দুল আজিজ। মূলত তার কারণেই অনেক মুসল্লির প্রাণ রক্ষা পায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানিয়েছেন আব্দুল আজিজ।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শরণার্থী আজিজ বলেন, চার ছেলেকে নিয়ে লিনউড মসজিদে গিয়েছিলেন তিনি। হামলার সময় তিনি আঁচ করতে পেরেছিলেন সেখানে কী ঘটতে যাচ্ছে। তাই নিজের জীবনের বিনিময়ে মুসল্লিদের রক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।

বন্দুক হাতে হামলাকারীকে দেখা মাত্রই আজিজ তার হাতের ক্রেডিট কার্ড মেশিনটি অস্ত্র হিসেবে ব্যবহার করেন। সেটি বন্দুকধারীর দিকে তাক করে চিৎকার করে বলতে থাকেন, ‘এখানে আসো, আমার দিকে আসো’। অন্যদিকে আস্তে আস্তে তার ছেলেসহ মুসল্লিদের দ্রুত বাইরে বেরিয়ে যেতে বলেন।

কেন এমনটি করেছিলেন আজিজ? এর জবাবে তিনি বলেন, ‘আমার জীবন চলে গেলেও অন্যদের যেনো বাঁচাতে পারি, এটিই ভাবছিলাম আমি। আমার একার প্রাণ দিয়ে কতো লোককে বাঁচাতে পারবো, এই ভাবনাই মনে খেলছিলো।’

আগের সংবাদডাকসুতে দায়িত্ব নিচ্ছেন না হল সংসদের দুই প্রার্থী
পরবর্তি সংবাদউপজেলা নির্বাচনের ফল প্রকাশ, আ. লীগ ৩২, বিদ্রোহী ১৫