
ফাতেহ ডেস্ক
ডাকসুর হল সংসদ নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোটের নির্বাচিত দুই প্রতিনিধি দায়িত্ব নিচ্ছেন না। তবে ভিপি পদে দায়িত্ব নেবেন কিনা–এখনো পরিষ্কার করেননি নুরুল হক নুর। ছাত্রলীগের নির্বাচিত প্রতিনিধিরা বলছেন, প্রথম কার্যকরী বৈঠকে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব তুলবেন।
ডাকসুর কার্যকরী কমিটির প্রথম সভা আগামী শনিবার। এই সভার মধ্য দিয়ে নতুন নেতারা ১ বছরের জন্য দায়িত্ব নেবেন।
তবে ভিপি পদে নির্বাচিত নুরুল হক নুর এতে অংশ নেবেন কিনা সে বিষয়ে পরিষ্কার করছেন না। বলছেন, শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব নেবেন।
এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সুফিয়া কামাল হল সংসদে প্রগতিশীল ছাত্র জোট থেকে নির্বাচিত লামইয়া তানজিম তানহা এবং কুয়েত মৈত্রী হলের ফারজানা আক্তার মীম দায়িত্ব না নেয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে ছাত্রলীগের নির্বাচিতরা বলছেন, প্রথম সভায় শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীকে আজীবন ডাকসুর সদস্য করার প্রস্তাব তোলা হবে।
নবনির্বাচিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবেন এমনটাই চাইছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, কার্যকরী সভার প্রস্তুতি এখন চূড়ান্ত। ক্যাম্পাস শান্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছে তারা।
এদিকে, পুনির্বাচনের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম।
