
ফাতেহ ডেস্ক
ময়মনসিংহের ভালুকায় একটি ফোম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও শিরির চালা গ্রামে সিনটেক্স পলিমার ফোম ফ্যাক্টরিতে আগুন লাগে।
প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাকিবুল হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, ওই ফ্যাক্টরিতে দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ভালুকাসহ, ত্রিশাল ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আবার কারো মতে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
