ফাতেহ ডেস্ক :
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে ‘জঙ্গিনেতা’ হিসেবে উপস্থাপন করে প্রতিবেদন প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।
ময়মনসিংহের ওলামায়ে কেরামের সর্ববৃহৎ এ সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, কেন্দ্রীয় আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি যমুনা টেলিভিশন বাংলাদেশের অন্যতম হাদীস বিশারদ ও সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত আলেম শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে জঙ্গিনেতা আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা উদ্দেশ্য-প্রণোদিত এবং মিথ্যাচার। ষড়যন্ত্রমূলক এই সংবাদের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই জঘন্য ঘটনার সাথে সম্পৃক্ত প্রতিবেদক ও এই চ্যানেলটির বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।
