যমুনা টিভির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন : কওমি কাউন্সিল

যমুনা টিভির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন : কওমি কাউন্সিল

ফাতেহ ডেস্ক :

বেসরকারি একটি টিভি চ্যানেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রয়াত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হককে জঙ্গিনেতা হিসেবে উপস্থাপন করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এ দেশের শীর্ষস্থানীয় একজন আলেম ছিলেন। প্রসিদ্ধ হাদিসগ্রন্থ বুখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক হবার পাশাপাশি তিনি শতশত শাইখুল হাদীসের শিক্ষকও ছিলেন। এই শীর্ষস্থানীয় আলেমকে হুজির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী আখ্যায়িত করে প্রতিবেদন প্রচার জাতির জন্য বড়ই দু:খজনক।’

মাওলানা আব্দুস সামাদ বলেন, ‘আমরা মনে করি, যমুনা টিভি গণমাধ্যমের পেশাদারিত্বের জায়গা থেকে সরে এসে এ প্রতিবেদন প্রচার করেছে। টিভি চ্যানেলটি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে। অবিলম্বে প্রতিবেদন প্রচারকারী টিভি কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হব।’

বিবৃতিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ।

উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের অন্যতম প্রধান আলেম প্রয়াত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হককে জঙ্গিনেতা আখ্যা দেওয়া হয়েছে। সংবাদের প্রারম্ভিকার পর দেখানো হয়েছে পুরনো একটি প্রতিবেদন। যেখানে প্রতিবেদক দাবি করেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন হরকতুল জিহাদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ঘরানার অ্যক্টিভিস্টরা এ ঘটনায় অভিযোগ তুলে বলছেন, যমুনা টিভি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে।

আগের সংবাদজর্ডানে আগুনে পুড়ে মারা গেলেন ৭ শিশুসহ ১৩ পাকিস্তানি
পরবর্তি সংবাদযমুনা টিভিকে ক্ষমা চাইতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস