যানজট নিরসনে ৩ মাসের মধ্যে আদালতে দাখিল করতে হবে মাস্টার প্ল্যান : হাইকোর্ট

ফাতেহ ডেস্ক

রাজধানীর যানজট নিরসনে একটি মাস্টার প্ল্যান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২১ জুলাই) বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে ৩ মাসের মধ্যে মাস্টার প্ল্যান আদালতে দাখিল করতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা একটি আবেদনের শুনানি নিয়ে আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

এর আগে গত ১৫ মে ঢাকার যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইশরাত হাসান । রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পরিকল্পনা সচিব, অর্থ সচিব, পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা সিটির দুই মেয়র, পুলিশের আইজি, ঢাকার পুলিশকে বিবাদী করা হয়।

‘যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা’- এই শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন রিটে সংযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যানজটের কারণে রাজধানীতে একটি যানবাহন ঘণ্টায় যেতে পারে গড়ে ৫ কিলোমিটার। ১২ বছর আগেও এই গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার ফলে যাত্রীদের মানসিক চাপ তৈরি হচ্ছে। এই চাপ আবার কাজ করছে অন্যান্য রোগের উৎস হিসেবে।

পাশাপাশি যানজটের কারণে শুধু ঢাকায় দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। যানজটের পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপ হচ্ছে, তাতে আর্থিক ক্ষতির পরিমাণও যে বাড়বে, তা বলা বাহুল্য।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) এবং রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এ প্রতিবেদন তুলে ধরা হয়।

আগের সংবাদভারতে ‘গরু’ নিয়ে রাজনীতি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া
পরবর্তি সংবাদছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার : দিনাজপুরে ১, কুমিল্লায় ৩