যৌতুকের টাকা দিতে না পারায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

ফাতেহ ডেস্ক:

যৌতুকের টাকা এনে দিতে না পারায় তমালিকা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী রাসেল মিয়া (৩০)। বুধবার গভীর রাতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চরসিংধা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার সকালে রাসেলের বাবা আবুল হাসিম ও মা মাজেদা আক্তারকে আটক করে।

রাসেল মিয়া সিংধা ইউনিয়নের চরসিংধা গ্রামের বাসিন্দা। ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে রাসেল মিয়া একই ইউনিয়নের পাশের গ্রাম ভাটিপাড়ার রমিজ মিয়ার মেয়ে তমালিকা আক্তারকে বিয়ে করে। এটি রাসেলের দ্বিতীয় বিয়ে। তমালিকা বর্তমানে সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা।

বিয়ের পর থেকে রাসেল বিভিন্ন সময় তমালিকাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। এরই মধ্যে তমালিকা তার বাবার কাছ থেকে বেশ কিছু টাকা এনে দেন।

সম্প্রতি রাসেল আরও কিছু টাকা এনে দিতে বলে। এতে তার স্ত্রী রাজি হননি। এ নিয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায় রাসেল। বিষয়টি নিয়ে কয়েকবার গ্রাম্য সালিসও হয়।

গত বুধবার রাত পৌনে দুইটার দিকে রাসেল তার স্ত্রীকে মারধর, ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী রাসেল মিয়াকে আটক করতে অভিযান চলছে।

আগের সংবাদবিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির ইন্তেকাল
পরবর্তি সংবাদএবারের ইজতেমায় স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লির জমায়েত