
ফাতেহ ডেস্ক
গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশ। এর মধ্যেই শুরু হচ্ছে রমজান। রমজানের আমেজও দেখা গেছে দেশে দেশে। তবে রোজার আগে সব দেশেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের দাম। ফলে বিপাকে পড়েছে সাধারন মানুষ।
রমজান উপলক্ষ্যে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া সবখানেই রেস্তোরা ও দোকানগুলোতে নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য রোজার আনন্দে ভাটা পড়েছে ইরাক, সিরিয়া, লিবিয়ার জনপদগুলোতে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাড়িয়েছে ভোগান্তি।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মিশরের কায়রোয় বসেছে খেজুর, ফলসহ নানা প্রকার মিষ্টির পসরা। তবেনিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে থাকায় নাখোশ ক্রেতারা। এদিকে গত কয়েক বছরের চলমান অস্থিরতার মধ্যে রমজান পালিত হচ্ছে ফিলিস্তিনে। হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলায়, দেশটিতে বেকারত্বের হার বেড়েই চলেছে। তাই নিতান্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়া অন্যকিছুতে খরচ করছেন না গাজার বাসিন্দারা। চরম অর্থনৈতিক সংকটের শঙ্কা ব্যবসায়িদের।
এদিকে লিবিয়ার রাজনৈতিক সংকটের মধ্যেই রমজানের প্রস্তুতি নিচ্ছেন ত্রিপোলির মানুষ। তবে পাল্টাপাল্টি হামলায় প্রভাব পড়েছে রোজার বেচাকেনায়। নিয়ন্ত্রনে নেই বাজার ব্যবস্থা।
সরকারের বিরুদ্ধে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ মিলেছে পাকিস্তানে। সরকারের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশেষ ত্রাণ সহায়তার আশ্বাস দেয়া হলেও তা সবার কাছে পৌঁছাচ্ছে না বলে অসন্তোষ জানিয়েছে সাধারণ মানুষ।
