
ফাতেহ ডেস্ক
রাজধানীর নন্দিপাড়ায় আজ বৃহস্পতিবার সকালে খেলার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয় উজমা আক্তার জান্নাত (৭) নামে এক মাদরাসাছাত্রী। গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নন্দিপাড়ায় দুর্ঘটনার শিকার হয় জান্নাত।
জান্নাতের বাবা মো. সোহাগ সাংবাদিকদের জানান, স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো জান্নাত। সকালে বাসার সামনের রাস্তায় খেলা করার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জান্নাতের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায়। ঢাকায় বাবা-মায়ের সঙ্গে নন্দিপাড়া ব্যাংক কলোনি এলাকায় থাকতো সে।
বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য জান্নাতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
