
ফাতেহ ডেস্ক
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুর ঘোনার কাঠালীয়া বাজারে শুক্রবার রাতে ৬০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, রাতে রোহিঙ্গা সন্দেহে ওই বৃদ্ধকে লোকজন পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলার কপিলমুনি হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।
এ ঘটনায় জড়িত সন্দেহে সাহস ঘোষগাতী গ্রামের চিংড়িঘের মালিক মেহেদী মোড়ল ও কাঠালীয়া বাজারের মুদি দোকানদার মধুসুদন মণ্ডলকে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, নিহত ব্যক্তি রোহিঙ্গা কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।
