
ফাতেহ ডেস্ক
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবর্তন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালাম। শুধু ডেভেলপমেন্ট বা উন্নয়নের মাধ্যমে রোহিঙ্গা সঙ্কট সমাধান করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার ঢাকায় বেইজিংয়ের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং ঝাও বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধান করতে মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে।
এরপর শুক্রবার এমন সমাধানের সমালোচনা করে বেনার নিউজে বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবর্তন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গা মুসলিমদের দুর্ভোগ শুধু ডেভেলপমেন্টের মাধ্যমে সমাধান হবে না। একইসঙ্গে মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে।
মোহাম্মদ আবুল কালাম আরও বলেন, এই সঙ্কটের সমাধান করতে হলে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার দিতে হবে। রাখাইন রাজ্যে উন্নয়নের পাশাপাশি মিয়ানমার সরকার ইচ্ছা থাকলে এই সঙ্কট কাটিয়ে উঠা সম্ভব। তা না হলে এই সঙ্কটের সমাধান করা সম্ভব না।
চীনা রাষ্ট্রদূত বেইজিংয়ের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের বিষয়ে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং ঝাও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান পথ রয়েছে উন্নয়নের মধ্যে। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার ফলে বাধ্য হয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা।
সম্মেলনে চীনা রাষ্ট্রদূত আরো বলেন, সহিংসতা থেমে যাওয়ার পরে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ জন্য রাখাইন রাজ্যকে আরো অনেক বেশি উন্নত করতে হবে। রোহিঙ্গা সমস্যার চমৎকার সমাধান পাওয়া যাবে বিসিআইএম অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের মাধ্যমে। বিসিআইএম হলো বাংলাদেশ-চায়না-ভারত-মিয়ানমার আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
