আন্তর্জাতিক ডেস্ক :
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুরু হতে যাওয়া মামলার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের। শুনানি পর্যবেক্ষণে যাওয়া ওই প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধিও থাকবেন।
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, আইসিজেতে ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় শুনানির সময় বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদলও নেদারল্যান্ডসে যাচ্ছে। সেখানে ইউরোপসহ বিশ্বের নানান প্রান্ত থেকে রোহিঙ্গাদের অন্য দলও যাবে। তারা আদালতের বাইরে রাখাইনে নৃশংসতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ হবে।
উল্লেখ্য, আইসিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত আইসিজেতে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি শুরু হবে। ১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর সকালে গাম্বিয়া পাল্টা যুক্তি দেবে মিয়ানমারের বিপক্ষে। আর দুপুরে মিয়ানমার গাম্বিয়ার জবাব দেবে। আইসিজেতে মিয়ানমারের পক্ষে বক্তব্য দেবেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি।
