লাভা উদগীরণ শুরু করেছে ফিলিপাইনের তাল আগ্নেয়গিরি, সুনামির সংকেত

লাভা উদগীরণ শুরু করেছে ফিলিপাইনের তাল আগ্নেয়গিরি, সুনামির সংকেত

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিপাইনের সবচেয়ে সক্রিয় দ্বিতীয় আগ্নেয়গিরি ‘তাল’ সোমবার খুব সকাল থেকেই লাভা উদগীরণ শুরু করেছে। দেশটির রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে তাল আগ্নেয়গিরির অবস্থান। আজ সকালে সেখান থেকে সাদা ‘অ্যাশ’ বা ছাইভষ্ম আকাশে উড়তে শুরু করে। এর পরই সংশ্লিষ্ট এলাকা থেকে ৮০০০ মানুষকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। খবর অনলাইন বিবিসি।

ফিলিপাইন ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে বলেছে, তাল আগ্নেয়গিরি অস্থির অবস্থার দিকে যাচ্ছে। স্থানীয় সময় রাত ২টা ৪৯ মিনিট থেকে ভোর ৪টা ২৮ মিনিটের মধ্যে সেখান থেকে উদগীরণের গতি বৃদ্ধি পেয়েছে। আলোকরশ্মি বিকিরণ ও বিদ্যুতস্ফুলিঙ্গেরও সৃষ্টি হচ্ছে। পরিচালক রেনাতো সোলিডাম বলেছেন, ছাইভষ্ম, পাথর ও গ্যাস উৎক্ষিপ্ত হচ্ছে ঘন্টায় কমপক্ষে ৬০ কিলোমিটার বেগে। ওই এলাকায় সর্বোচ্চ ৫ মাত্রার মধ্যে প্রথমে ৩ থেকে ৪ মাত্রার এলার্ট জারি করা হয়। কর্তৃপক্ষ অগ্নুৎপাতের ফলে সুনামির সতর্কতা দিয়েছে।

উল্লেখ্য, তাল আগ্নেয়গিরিটি একটি তাল লেক বা হ্রদের ভিতর অবস্থিত দ্বীপের মধ্যস্থানে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরির অন্যতম। গত ৪৫০ বছরে এখান থেকে কমপক্ষে ৩৪ বার অগ্নুৎপাত হয়েছে।

তাল একটি জটিল আগ্নেয়গিরি। এর অর্থ হলো অন্য আগ্নেয়গিরির আকৃতি হয় কোণের মতো। অর্থাৎ তার একটি জ্বালামুখ থাকে। কিন্তু তাল-এর তা নয়। এর একাধিক জ্বালামুখ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত হয়। একে আগ্নেয়গিরির মধ্যে আগ্নেয়গিরি হিসেবে অভিহিত করা হয়। এর আগে অগ্নুৎপাত হয়েছে ১৯৭৭ সালে। ১৯১১ সালের অগ্নুৎপাতে নিহত হয়েছেন প্রায় ১৫০০ মানুষ। ১৯৭৪ সালের উদগীরণ স্থায়ী হয় বেশ কয়েক মাস।

আগের সংবাদজামেয়া ইউনুসিয়া ট্রাজেডি’র চার বছর: ফিরে দেখা সেই ভয়ংকর রাত
পরবর্তি সংবাদঅস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে লিবিয়ার দুই পক্ষ