শনাক্ত হওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিবে মিয়ানমার

ফাতেহ ডেস্ক :

নিউইয়র্কে সদ্য শেষ হওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশের বেশকিছু অর্জনের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ঢাকায় বুধবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের উদ্যোগে সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ অর্জনের কথা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘নাগরিকত্ব শনাক্তকরণে রোহিঙ্গাদের যে আবেদনপত্র পূরণ করতে দেওয়া হয়েছিল, তাতে ভুল থাকার কথা মিয়ানমার স্বীকার করেছে। শনাক্ত হওয়া নাগরিকদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে মিয়ানমার। তারা (রোহিঙ্গাদের) নতুন নতুন ফরম দিতে এবং নাগরিকত্ব শনাক্ত হওয়ার পর সবাইকে জাতীয় পরিচয়পত্র দিতে রাজি হয়েছে।’

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে গত ২৪ সেপ্টেম্বর চীনের মধ্যস্থতায় বৈঠকে বসেন বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের দেশে ফেরানোর আনুষ্ঠানিক সংলাপে চীনকে সঙ্গে নিয়ে একটি ‘ত্রিপক্ষীয় যৌথ কার্যনির্বাহী’ ফোরাম গঠনে মিয়ানমারের সম্মতি আসে।

রোহিঙ্গা সঙ্কট যে মিয়ানমারের তৈরি এবং এর সমাধান তাদেরই করতে হবে, সেই বিষয়টিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় সব দেশ মত দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

আগের সংবাদমসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি বেতনের আওতায় আনার প্রস্তাব র‌্যাব মহাপরিচালকের
পরবর্তি সংবাদহাসপাতালে চিকিৎসাধীন আল্লামা হবিগঞ্জীর জন্য হাটহাজারীতে বিশেষ মোনাজাত