হাসপাতালে চিকিৎসাধীন আল্লামা হবিগঞ্জীর জন্য হাটহাজারীতে বিশেষ মোনাজাত

ফাতেহ ডেস্ক

হার্টে গুরুতর সমস্যার কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দেশের প্রবীণ শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর আশু রোগমুক্তি কামনা করে জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় বিশেষ মুনাজাত করা হয়েছে। বুধবার বাদ জোহর মাদরাসা-জামে মসজিদে হাটহাজারীর সকল শিক্ষার্থী ও আসাতেজায়ে কেরামের অংশগ্রহণে মোনাজাত পরিচালনা করেন আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী।

আরও পড়ুন : হার্টে গুরুতর সমস্যা : আল্লামা হবিগঞ্জীকে সিলেট থেকে ঢাকায় রেফার

প্রসঙ্গত, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী গত ২৫ সেপ্টেম্বর সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় বুখারী শরীফের দরস দেন। রাতে উক্ত মাদরাসায় হঠাৎ অসুস্থতাবোধ করলে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে তাঁকে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে ঢাকার ইউনাটেড হসপিটালে স্থানান্তর করা হয়। বর্তমানে ইউনাটেড হসপিটালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী জামিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি ঈমান-আক্বীদা ও ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদ-বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে অসাধারণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি হাটহাজারী মাদরাসার প্রাক্তন ছাত্রও।

তিনি বৃদ্ধ বয়সেও ইসলাম ও দেশের স্বার্থে নিরলসভাবে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দেশ ও জাতির কল্যাণে বর্তমান সময়ে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর মতো আলেম খুব প্রয়োজন উল্লেখ করে হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী তাঁর এ প্রিয় ছাত্রের দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীরও দোয়া চেয়েছেন।

আগের সংবাদশনাক্ত হওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিবে মিয়ানমার
পরবর্তি সংবাদজম্মুর রাজনৈতিক বন্দীরা ছাড়া পেলেও কাশ্মীরি রাজনীতিকরা এখনও বন্দী