
ইরফান রাফী :
‘আড়াইশোর বেশি মানবাধিকার সংগঠনের জোট শিশু অধিকার ফোরাম বলছ, গত ৭ মাসে বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৮০ টি। শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুছ সহীদ মাহমুদ বিবিসি বাংলাকে বলছিলেন,গতবছর এই সংখ্যা ছিল ১৯৯টি। আর ২০১৩ সালে ১৭০টি এবং ২০১২ সালে ছিল ৮৬টি। এই সংখ্যা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এর বাইরেও থাকতে পারে।’
ওপরের ছোট্ট এ উদ্ধৃতিটিই বলে দিচ্ছে, বাংলাদেশ কেমন ভয়ঙ্কর একটি ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। এই অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশসহ প্রতিবেশী দেশ ভারতেও যেভাবে শিশু ধর্ষণের ঘটনা ঘটছে এককথায় হুঁশ নাড়িয়ে দেয়ার মতো।
কেন ঘটছে এসব? কী এর প্রতিকার?
আমরা যারা ইসলামি শিক্ষা ও আদর্শ নিয়ে বেড়ে উঠছি, যারা ইসলামের বিধানে নিজেদের প্রতিনিয়ত সমৃদ্ধ করার চেষ্টায় লেগে রয়েছি; আমাদের এ ব্যাপারে অবশ্যই ভিন্নরকম অভিজ্ঞতা ও বক্তব্য আছে। কিন্তু বক্তব্যগুলো কোথায় যেন খেই হারিয়ে ফেলছে বা কোথাও হোঁচট খেয়ে পড়ে থাকছে।
অনেকগুলো বিষয় এ আলোচনার শামিল। অশ্লীলতা, যিনা, ধর্ষণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ।
ইসলাম এ সবগুলোর অভিযোগ কবিরা গোনাহ বলে আখ্যায়িত করলেও সাধারণ রাষ্ট্রীয় আইন কেবল ধর্ষণকেই সামাজিক অপরাধ বলে স্বীকার করছে। কোথাও কোথাও কেবল শিশু ধর্ষণেরই শাস্তি ঘোষণা করা হচ্ছে মৃত্যুদণ্ড।
তারা অশ্লীলতা আর যিনাকে কোনো প্রকার অপরাধ বলে স্বীকার করতে নারাজ। ব্যক্তিস্বাধীনতার জলে ধুয়ে সেগুলোকে হররোজ পরিস্কার করে রাখছে। জিইয়ে রাখছে। জাগিয়ে তুলছে।
সাধারণ আইনের কাছে গন্য অপরাধ ধর্ষণ প্রতিরোধে কিছু পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্র। কিন্তু পদক্ষেপগুলো একটা পর্যায়ে গিয়ে নিছক প্রজেক্ট হিসেবে আমলা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে থেকে যাচ্ছে। ফলে সরকারি লোকদের পকেটে পকেটে ঘুরে বেড়াচ্ছে ধর্ষণ নামক নিরীহ অপরাধটির প্রতিকার।
অপরদিকে আমরা যারা শুধু ধর্ষণ নয়, ধর্ষণের উপসর্গগুলোকে পর্যন্ত মারাত্মক অপরাধ হিসেবে দাবি করছি তাদের হাতে কোনো প্রতিকার নেই। আত্মার ব্যাধি বলে কিছু আধ্যাত্মিক কার্যক্রমের মাধ্যমে এটিকে একটা আনুভূতিক চর্চায় পরিণত করছি।
আধ্যাত্মিকতা মানুষের মনের সবচেয়ে ওপরের তলার বাসিন্দা। কিন্তু আমরা যারা নিচতলায় থাকি, যারা নীচ কার্যক্রমের সঙ্গে জড়িয়ে থাকি; তাদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতির রসায়নে পবিত্রতা ছড়ানো কতটা বাস্তবভিত্তিক, অবাক ভাবনার বিষয়।
সমাজ থেকে, সমাজের সবশ্রেণির মানুষের ভেতর থেকে অশ্লীলতা, যিনা, ধর্ষণ ইত্যাদি দূর করার বাস্তবভিত্তিক কোনো পরিকল্পণা বা কার্যক্রম আমরা দাঁড় করাতে পেরেছি আদৌ? এ কমার্শিয়াল সময়ে মানুষ যেখানে প্রেমে, পরকীয়ায়, কবিতায়, শিল্পেও বাস্তবতার শিকড় খুঁজে বেড়ায় সেখানে আমরা যারা মানুষের মন থেকে গোনাহের শিকড় উপড়ে ফেলতে চাই তাদের উদ্যোগ ও প্রস্তুতি কী?
নাকি এ দাবি করেই আমরা আকাশের দিকে তাকিয়ে থাকব, আমরা জাতিকে শুদ্ধতা শেখাচ্ছি। মানবিকতা শেখাচ্ছি। পবিত্রতা শেখাচ্ছি। দীন শেখাচ্ছি। আধ্যাত্মিকতা শেখাচ্ছি।
এই এতো এতো শেখানোর ফাঁদে সেই শিক্ষাগুলোকে কাজে পরিণত করার টেকনিক্যাল কোনো পদক্ষেপ কি নিতে পারি না?
