
ফাতেহ ডেস্ক
২৫ বছর আগে পাবনার ঈশ্বরদীতে সে-সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় ২৮ আসামির জামিন নাকচ করেছে আদালত। রোববার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী তা নাকচ করেন।
আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে, তা বাতিল করে কারাগারে পাঠানো হয়। এ মামলায় ৫২ আসামির মধ্যে বাকি ২৪ জনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে আদালত।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ঈশ্বরদী রেলস্টেশনের পথসভায় যোগদান শেষে ট্রেনে ঢাকায় ফেরার পথে পাকশী স্টেশনে ট্রেনটিতে গুলি ছোড়া ও বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় ঈশ্বরদীর জিআরপি থানায় মামলা হয়। ৩ বছর পর ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
