সংবিধান মেনে স্থানীয় সরকার নির্বাচন হবে: মঈন খান

সংবিধান মেনে স্থানীয় সরকার নির্বাচন হবে: মঈন খান
সংবিধান মেনে স্থানীয় সরকার নির্বাচন হবে: মঈন খান

ফাতেহ২৪ ডেস্ক

সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে মেনে দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

ড. মঈন খান বলেন, বিগত সরকারের আমলে যেভাবে নির্বাচন হয়েছে, বর্তমান সরকার সেভাবে নির্বাচন করবে না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত চারটি নির্বাচনে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে সংবিধানের নিয়মকানুন মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই এসব নির্বাচন আয়োজন করা হবে।

তার ভাষায়, এসব নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন।

‘স্থানীয় সরকার সঠিকভাবে চললে দেশও সঠিকভাবে চলবে’

ড. মঈন খান বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। জনগণকে সরাসরি সেবা দেওয়ার ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করলে পুরো দেশও সঠিকভাবে পরিচালিত হবে। কারণ, এই মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করে।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয় সফল হলে সরকারও সফল হবে।

সরকার সব মানুষের সেবা করবে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষের সেবাকে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।

তার দাবি, বিগত ১৭ বছরে ধনিক শ্রেণিকে সেবা দিতে গিয়ে দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

ড. মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন। ভবিষ্যতেও দরিদ্র মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।

‘দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।

কেউ দুর্নীতিতে জড়ালে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় নয়, সরকারের সব পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির জন্য সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে।

‘বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না’

ড. মঈন খান বলেন, বিএনপি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি আইনের শাসনের রাজনীতিতে বিশ্বাস করে।

তার ভাষায়, সরকার দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তারা কোনো ‘উইচ হান্টিং’-এ বিশ্বাস করেন না। বরং দেশে একটি কার্যকর ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান।

বিচারব্যবস্থা প্রসঙ্গে মঈন খান অভিযোগ করেন, বিগত সময়ে দেশের বিচারব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, অতীতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।

স্থানীয় সরকারে স্বচ্ছতা ফেরানোর কথা প্রতিমন্ত্রীর

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঘিরে লুটপাট ও দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল, সেখান থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগের সংবাদলাশে ভরে গেছে কবরস্থান, দাফনের জায়গাও নেই গাজায়
পরবর্তি সংবাদনুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল