
ফাতেহ ডেস্ক
গণতন্ত্র পুনরুদ্ধার ৪৮ বছরেও করা যায়নি; বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার, রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র একাংশের বার্ষিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
স্বাধীনতার পর আওয়ামী লীগের বিরোধিতা করার কারণে জাসদের অনেক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও অভিযোগ করে বলেন, ‘একইসঙ্গে বামপন্থী নেতাকর্মীদেরও নির্যাতন করেছে সে সময়ের সরকার।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এই সংকট আওয়ামী লীগ সৃষ্টি করেছে, এটা নতুন নয়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখনও তারা এই অবস্থা তৈরি করেছিল।’
তিনি আরও বলেন, ‘এটা সকলেই জানে, যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে একটা অংশ বেরিয়ে গিয়ে জাসদ তৈরি করে। তারা সরকারের বিরোধীতা করেছিল। সেই জাসদের অসংখ্য নেতাকর্মীকে তখন হত্যা করা হয়েছিল।’
সম্পূর্ন বেআইনিভাবে বিএনপি চেয়ারপার্সনকে ১৪ মাস ধরে আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
