
ফাতেহ ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে ৩৮২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এ কেন্দ্রেগুলোতে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯শ’ ৯০ ভোট। অন্যদিকে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ পেয়েছেন ৯হাজার ৭শ’ ৫০ ভোট।
আম প্রতীকে নির্বাচন করা আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ১ হাজার ৯শ’ ৪৮ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করা মো. আব্দুর রহিম পেয়ছেন ২ হাজার ১শ’ ২১ ভোট এবং বাঘ প্রতীকে নির্বাচন করা শাহীন খান পেয়েছেন ২ হাজার ৪২টি ভোট।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ানের প্রতীক আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। আর স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম লড়েন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে।
ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ সাড়ে ৩৫ হাজার। ভোটকেন্দ্র ১২৯৫ টি। পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ৪৫ জন এবং সাধারণ ১৮টি ওয়ার্ডে ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ২৪ জন এবং সাধারণ ১৮টি ওয়ার্ডে ১২৫ জন প্রার্থী লড়েছেন এবারের নির্বাচনে।
প্রসঙ্গত ২০১৭ সালের ৩০শে নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা গেলে ওই আসনটি শূন্য হয়। এরপর ২০১৮ সালের ২৬শে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করা হয়। পরে ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করায় আদালত নির্বাচন স্থগিত করেন উচ্চ আদালত। তবে সম্প্রতি হাইকোর্ট রিট খারিজ করে দিলে, উত্তর সিটির উপ নির্বাচন নিয়ে আইনগত বাধা কেটে যায়। এরপরই ২৮শে ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
