
ফাতেহ ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে ধারনা করছেন, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার বিকেলে, নির্বাচন কমিশন সচিবালয়ে একথা জানান ইসি সচিব।
এ সময় ভোটার তালিকা হালনাগাদ করা সম্পর্কে হেলালুদ্দীন আহমদ জানান, ‘প্রতি বছরের পহেলা মার্চ ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ানের প্রতীক আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। আর স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম লড়েন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে।
ভোটগ্রহণ শেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মেয়র প্রার্থী শাফিন আহমেদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও পরবর্তীতে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিলো। এ সময়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং জাতীয় পার্টির নেতাকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।
