আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের কুর্দিবিরোধী অভিযানের মাধ্যমে প্রতিষ্ঠিত ‘মুক্ত’ এলাকায় ফিরে আসছে ঘরহারা নাগরিকরা। গত ১০ দিনে প্রায় ৯৪ হাজার সিরীয় ঘরে ফিরেছে। শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেন্স লার্কে বলেন, তুর্কি সামরিক অভিযান শুরু হওয়ার পর ২ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে যায়। এখন আমরা দেখছি তারা ফিরে আসছে। বর্তমানে তুরস্কের নিয়ন্ত্রণে থাকা এলাকাটিতে শুক্রবার পর্যন্ত অন্তত ৯৪ হাজার বাসিন্দা ফেরত এসেছে।
তিনি আরো বলেন, আর মাত্র ১ লাখ ফেরার বাকি আছে। আমরা দেখছি, এই সংখ্যাটি ক্রমেই বাড়ছে। এই ধারা চলমান থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সবাই তাদের বাড়ি-ঘরে ফিরে আসবে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। ওই অভিযানের উদ্দেশ্য ছিল অঞ্চলটিকে কুর্দিমুক্ত করা।
