মুজাহিদ কবির, দেওবন্দ থেকে
আগামী ১৭ নভেম্বর বাবরি মসজিদ ইস্যুতে ভারতের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসন্ন রায়কে কেন্দ্র করে দেশটিতে সবধরনের বিশৃঙ্খলা কীভাবে এড়ানো যায় এ নিয়ে দারুল উলুম দেওবন্দের সঙ্গে আলোচনা করেছে ভারতীয় প্রশাসন। গতকাল শনিবার দুপুরে সাহারানপুর পুলিশের এএসপি দিনেশ কুমার প্রভু দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর সাথে সাক্ষাৎ করে দেশের সার্বিক পরিস্থিতি কীভাবে ঠিক থাকতে পারে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদরাজী, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস এবং জমিয়তে উলামায়ে হিন্দের (এম) সভাপতি মাওলানা সাইয়্যেদ উসমান মানসুরপুরী।
বৈঠকে সাহারানপুর পুলিশের এএসপি দিনেশ কুমার প্রভু বলেন, সুপ্রিম কোর্টের রায় যে পক্ষেরই আসুক না কেনো দেশের শান্তি শৃঙ্খলা যেনো কোনভাবেই খারাপ না হয় এজন্য আমরা আপনাদের সাহায্য একান্তভাবে কামনা করছি।
অতঃপর দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী এ এসপি কে আশ্বাস দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে কোনভাবেই যেন দেশের পরিস্থিতি খারাপ না হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ্।
বৈঠক শেষে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদরাজী এবং এ এসপি দিনেশ কুমার প্রভু যৌথভাবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের ব্রিফিং করেন।
এদিকে আসন্ন রায়কে কেন্দ্র করে পুরো দেশজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। সকল ধর্মের মানুষ অপেক্ষা করছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ সময় ধরে চলা আসা এ মামলার রায় শোনার জন্য। ফলে দেশের আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে এখন থেকেই তৎপর ভারতীয় প্রশাসন। তাদের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।
এরই ধারাবাহিকতায় গ্রামে গ্রামে করা হয়েছে হিন্দু-মুসলিম শান্তি কমিটি এবং শান্তি কমিটির সদস্যরাও সভা করে যাচ্ছেন। যেন নতুন করে হিন্দু মুসলমানদের মধ্যে কোন দাঙ্গা না শুরু হয়।
