
ফাতেহ ডেস্ক
পতাকার মর্যাদা রক্ষায় প্রস্তুত থাকবেন, সেনাবাহিনীকে রাষ্ট্রপতি। মাতৃভূমির অখণ্ডতা রক্ষার পাশাপাশি জাতীয় যে কোন প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
রবিবার সকালে, চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে সেনাবাহিনীর চারটি গোলন্দাজ রেজিমেন্টের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘আবহমান কাল থেকেই যুদ্ধের ময়দানে জাতীয় মর্যাদার প্রতীক পতাকা বহনের রীতি আছে। পতাকা হল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান এবং মর্যাদার প্রতীক। তাই পতাকার মান রক্ষা বরা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব। জাতীয় পতাকা বহনের দুর্লভ সুযোগ সবার জীবনে আসে না।’
রাষ্ট্রপতি আরো বলেন, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রত্যেক সেনা সদস্যকে এখন থেকেই প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সেনাবাহিনী তার মূল কার্যক্রমের পাশাপাশি জাতির গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে।
এর আগে সকালে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি।
-এ
