সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের পক্ষে নয় সংসদীয় কমিটি

সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের পক্ষে নয় সংসদীয় কমিটি

ফাতেহ ডেস্ক :

সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর পক্ষে মত দিয়েছে সংসদীয় কমিটি। এই কমিটি সৌদি আরবসহ বিদেশে নারী শ্রমিক পাঠানো অব্যাহত রাখতে চায়। তবে, তারা অধিকতর সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিদেশে নারী শ্রমিক পাঠানো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা না করার বিষয়ে দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ বন্ধ করার পক্ষে। আবার অনেকে এটা চালু রাখতে বলছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গণমাধ্যমকে বলেন, ‘বিদেশে নারী শ্রমিকদের বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত। তবে, বিষয়টি ওই পর্যায়ে নয়, যে পাঠানো বন্ধ করে দিতে হবে। বিদেশে নারী শ্রমিকরা যেন নিরাপদে কাজ করতে পারেন, আমরা সেজন্য যত ধরনের সুরক্ষা সম্ভব; নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।’

সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘নারী শ্রমিক পাঠানোর বন্ধের পক্ষে আমরা নই। আমরা মনে করি তাদের পাঠানো অব্যাহত রাখতে হবে। তবে, যেসব অভিযোগ আছে সেগুলো গুরত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নারী শ্রমিকদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে। সৌদি সরকারের সঙ্গে চুক্তি করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

প্রসঙ্গত, বিদেশে বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর যৌন নির্যাতনের খবরে সম্প্রতি জাতীয় সংসদ থেকে সৌদি আরবে নারী গৃহকর্মী না পাঠানোর দাবি ওঠে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এ দাবি তোলেন। সংসদের বাইরেও বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্টরাও সম্প্রতি একই ধরনের দাবি তুলেছে।

আগের সংবাদ২৯ নভেম্বর সাভারে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক কর্মশালা
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা