২৯ নভেম্বর সাভারে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক কর্মশালা

২৯ নভেম্বর সাভারে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক কর্মশালা

ফাতেহ ডেস্ক :

কওমী মাদরাসার শরহে বেকায়া থেকে উপরের ছাত্রদের জন্য চলমান সময়ের অতীব গুরুত্বপূর্ণ বিষয় ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সাভার বিরুলিয়াস্থ শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট এর অঙ্গ প্রতিষ্ঠান ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’ ।

২৯ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ কর্মশালা।

কর্মশালায় দরস প্রদান করবেন শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট ও সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ এর পরিচালক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ ফেলো মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

কর্মশালা সম্পর্কে মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, ‘মাকাসিদুশ শরীআহ’ (مقاصد الشريعة الإسلامية) বা ‘ইসলামী শরীআহর অন্তর্নিহিত লক্ষ্য-উদ্দেশ্য’ ইসলামী আইন বিষয়ক জ্ঞানের একটি সমৃদ্ধ শাখা; যা স্বয়ংসম্পূর্ণ একটি ফন ও শাস্ত্র হিসেবে আজ মুসলিম বিশ্বের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে ব্যাপক গবেষণাকর্ম চললেও আমাদের দেশের ইলমী হালকা তথা দীনি মাদরাসাগুলোতে এখনো এ বিষয়ে গবেষণা ও পঠন-পাঠন শুরু হয়নি। বিষয়টির সাথে আমাদের নবীন আলেমগণ একেবারেই অপরিচিত, অথচ শরীআহ উলূমে গভীরতা অর্জন এবং ফতোয়া, দাওয়াহ, তা’লীম, তাযকিয়াহ, লেখালেখি ও গবেষণা’র কাজ আঞ্জাম দিতে ‘মাকাসিদুশ শরীআহ’ ইলম অনুধাবন করা জরুরি। শরীআহ’র কোনো মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হলে ‘মাকাসিদুশ শরীআহ’ বা শরীআহ’র মূল লক্ষ্য-উদ্দেশ্য জানা আবশ্যক। সুতরাং ‘মাকাসিদুশ শরীআহ’ শাস্ত্রটি আধুনিক যুগের সমস্যাবলীর সমাধানের ক্ষেত্রে একটি মাইলফলক। এই গুরুত্ব বিবেচনায় কওমী মাদরাসার উচ্চস্তরের ছাত্রদের জন্য ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’- مركز دراسات مقاصد الشريعة এই কর্মশালার আয়োজন করেছে।’

কর্মশালায় অংশগ্রহণকারীরা ইলমের একটি দিগন্ত সম্পর্কে সন্ধান লাভ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।।

 

আগের সংবাদপারমাণবিক ইস্যুতে সবচেয় বড় অস্ত্র হচ্ছে সংলাপ : পোপ ফ্রান্সিস
পরবর্তি সংবাদসৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের পক্ষে নয় সংসদীয় কমিটি