
ফাতেহ ডেস্ক
মক্কা ও মদিনায়
মক্কা বা মদিনায় বাস থেকে নেমে প্রথমে নিজের মালসামান সংগ্রহ করবেন। মালসামান নিয়ে সরকার অথবা এজেন্সির ভাড়া করা বাসায় আপনার জন্য বরাদ্দ করা কক্ষে গিয়ে উঠবেন। যে হোটেল বা বাসায় উঠবেন তার কয়েকটি কার্ড সংগ্রহ করে রাখুন।
মক্কায় পৌঁছার পর মুআল্লিম অফিস থেকে দেওয়া হাতবেল্ট সবসময় সঙ্গে রাখবেন। এ বেল্টে মুআল্লিম অফিসের নম্বর লেখা আছে, যা আপনি হারিয়ে গেলে কাজে লাগবে। ঘর থেকে বাইরে যাওয়ার সময় বেশি টাকা সঙ্গে রাখবেন না। ভিড়ের মধ্যে টাকা হারিয়ে যেতে পারে কিংবা পকেটমারের খপ্পরে পড়তে পারেন। আর সবসময় দলবদ্ধ হয়ে চলার চেষ্টা করবেন। একা কখনও ঘরের বাইরে যাবেন না যতক্ষণ না আপনার বাসার লোকেশন ভালোভাবে আয়ত্ত করতে পারেন।
গোসল করে খাওয়া-দাওয়া সেরে সামান্য বিশ্রাম নিয়ে ওমরা আদায়ের প্রস্তুতি নিন। সরকারি ব্যবস্থাপনার অধীন হলে আপনার ফ্ল্যাটে অথবা আপনার নাগালের মধ্যে কোনো আলেম আছেন কি না, তা জেনে নিন। আলেম না পেলে হজ-ওমরা বিষয়ে যাকে বেশি জ্ঞানসম্পন্ন মনে হবে তার নেতৃত্বে ওমরা করার উদ্দেশ্যে রওনা হবেন।
যাওয়ার পথে রাস্তার কিছু জিনিস আলামত হিসেবে নির্ধারণ করবেন, যাতে হারিয়ে গেলে সহজেই আপনার বাসা খুঁজে বের করতে পারেন। আলেম অথবা নেতা নির্ধারণের সময় হকপন্থি কি না, তা ভালো করে যাচাই করে নিন। অন্যথায় আপনার হজ ও ওমরা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
