হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু,মোট প্রাণহানি ৯৫০

বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে আরও সাত শিশুর মৃত্যু
দেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮ নতুন সন্দেহভাজন কেস, নিশ্চিত হাম শনাক্ত ৭৩ জন

ঢাকা, ২৬ আগস্ট (ফাতেহ২৪):
দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সাতটি মৃত্যুই সন্দেহভাজন হাম হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এতে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১। নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জন। সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানি এখন ৯৫০।

একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮টি সন্দেহভাজন কেস শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন কেস দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬।

এ ছাড়া নতুন করে ৭৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে পরীক্ষাগারে নিশ্চিত হামের মোট কেস দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫১।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশজুড়ে প্রতিদিন বিপুলসংখ্যক নতুন রোগী শনাক্ত হওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ বাড়ছে। হামের বিস্তার ঠেকাতে টিকাদান ও চিকিৎসা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগের মূল্যায়নেও বাংলাদেশে হামের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এবং টিকাদানের ঘাটতির বিষয়টি উঠে এসেছে। সংস্থাটি দ্রুত টিকাদান ও রোগ শনাক্তকরণ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে।

ফাতেহ২৪ রিপোর্ট

আগের সংবাদপবিত্র মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে সারা দেশে
পরবর্তি সংবাদপ্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির