
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বাম ও নাস্তিক্যধারাকে উদ্দেশ্য করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘হেফাজতে ইসলামকে নিয়ে খেলা করবেন না, হেফাজতে ইসলাম এ দেশের তওহিদি জনতার প্রাণের সংগঠন। এ সংগঠন নিয়ে খেলা করলে, প্রোপাগান্ডা ছড়ালে এদেশের তওহিদি জনতা আন্দোলনের মাধ্যমে আপনাদের দেশছাড়া করবে।’
আজ (৮ মার্চ) শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরগেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুনগরী বলেন, কাদিয়ানিরা কাফের। তাদের যারা কাফের মনে না করবে, উল্টো মুসলিম দাবি করে তাদের পক্ষ নেবে, তারাও কাফের। রাশেদ খান মেনন কাদিয়ানিদের পক্ষ নিয়ে তাদের মতো হয়ে গেছেন। তার মতো আরও যারা কাদিয়ানিদের পক্ষে ওকালতি করে, সবাই কাফের।
রাশেদ খান মেননের গত ৩ মার্চের সংসদে দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এ দেশের ইসলামি শিক্ষাধারাকে যারা বিষবৃক্ষ বলে, যারা আলেম সমাজকে কটাক্ষ করে, শিগগির সংশোধন না হলে তওহিদি জনতা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে।
এ সময় তিনি মেননের বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের কাছে। পাশাপাশি অবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার কথাও বলেন।
বাবুনগরী বলেন, কাদিয়ানিরা স্বতন্ত্র ধর্ম হিসেবে তাদের মতবাদ পালন করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু ইসলামের নাম ও পরিভাষা সমূহ তাদেরকে পরিত্যাগ করতে হবে। এবং মুসলিম হিসেবে নিজেদের দাবি করে সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারবে না।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং গত ৩ মার্চ সংসদে প্রদত্ত রাশেদ খান মেননের বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত আজকের এ বিক্ষোভে বক্তব্য রাখেন আল্লামা নুর হোসাইন কাসিমী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল লতিফ নেজামী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ আল হাবীবসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
প্রত্যেকেই নিজেদের বক্তব্যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং মেননের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সরকারের কাছে৷ অন্যথায় হেফাজতে ইসলামের ব্যানারে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন বক্তারা।
বাদ জুমা বায়তুল মুকাররাম উত্তরগেটে সংক্ষিপ্ত এ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে হাজার হাজার তওহিদি জনতার ঢল নামে। উত্তরগেট থেকে পল্টন মোড় হয়ে মিছিলটি দৈনিক বাংলামোড় প্রদক্ষিণ করে। বিকাল সাড়ে তিনটায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
