ফাতেহ ডেস্ক :
২০২০ সালে বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন।
রবিবার (৫ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে জানানো হয়, ২০২০ সালে (১৪৪১ হিজরি) হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য হজ ক্যালেন্ডার তৈর করা হয়েছে। এ বছর শতভাগ হজ যাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
কমিটি হজ যাত্রীদের আরও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হজ মেডিক্যাল টিমে সহায়ক হিসেবে মেডিক্যাল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করে। বৈঠকে কমিটি প্রতিটি সংসদীয় আসনে মসজিদের মেরামত/সংস্কার করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বার্ষিক ১০ লাখ টাকা,মাদ্রাসার জন্য ৫ লাখ টাকা এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখার সুপারিশ করে।
কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
