৫ জুলাই শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের আকাশে কোথাও গতকাল পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ ৪ জুলাই বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ৫ জুলাই শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।

গতকাল বুধবার (৩ জুলাই) বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানা যায়।

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, সব বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এবং বিশিষ্ট আলেম-ওলামার সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়।

এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মুহা আব্দুল্লাহ।
সভায় ধর্মসচিব মুহা. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াকফ প্রশাসক মুহা. শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুল করিম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মুহা. সামসুল আরেফিন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মুহা. জহিরুল ইসলাম মিয়া, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মুহা. আলমগীর রহমান, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মুহা. শাহেনুর মিয়া।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মুহা. শাহিদুজ্জামান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মুহা. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মুহা. আজিজুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ ও চকবাজার শাহী মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহা. ফয়জুল্লাহ, লালবাগ মাদরাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহ্ইয়া, তেজগাঁও মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী ও ফরিদাবাদ মাদরাসার মুফতি মু. নূরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আগের সংবাদঢাবির অনলাইনে ভর্তির আবেদন শুরু ৫ আগস্ট, পরীক্ষা ১৩ সেপ্টেম্বর
পরবর্তি সংবাদসৌদি আরবে মার্কিন র‍্যাপারের কনসার্ট, উপস্থিত নারীরা পরবে আবায়া