ফাতেহ ডেস্ক :
আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর যশোরের উপশহরে আলমী শূরার তিন চিল্লার সাথীদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ইজতেমা পূর্ববর্তী জোড়।
উপশহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, উপশহর ক্রীড়া উদ্যান, উপশহর ডিগ্রি কলেজ মাঠ, বাদশা ফয়সল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, উপশহর পার্ক, শাপলা কিন্ডার গার্টেন মাঠ এবং বিরামপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ নিয়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মাঠ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে।
এ জোড় ইজতেমায় যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িসহ রাজশাহী বিভাগের সব জেলার তিন চিল্লার প্রায় আড়াই লাখ সাথীরা অংশ নিবেন। এছাড়াও জোড় ইজতেমায় প্রখ্যাত দাঈ ও তাবলিগের মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেউলা অংশ নেওয়ার কথা রয়েছে।
ইজতেমা আয়োজক কমিটির সাথী সিয়ামুর রহমান ও রেজাউল ইসলাম জানান, ইজতেমার সার্বিক প্রস্তুতি শেষের দিকে। বিদ্যুৎ সংযোগ, খিত্তা (এলাকা) নির্ধারণ, তাবু টাঙানো হয়েছে। বিভিন্ন স্থানে শুধু মাইক লাগানো বাকি আছে। আমরা আশা করছি ইজতেমা শুরুর কয়েকদিন আগেই সব প্রস্তুতি শেষ করতে পারবো।
প্রসঙ্গত, টঙ্গীর ময়দানে ২০২০ সালের ইজতেমা শুরু হবে ১০ জানুয়ারী থেকে। ১০, ১১, ১২ জানুয়ারী আলমী শুরার সাথীদের এবং ১৭, ১৮, ১৯ জানুয়ারী দিল্লির মাওলানা সা’দ কান্ধলবির অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।
