
আন্তর্জাতিক ডেস্ক :
অন্তত ৬০ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। আর সে লক্ষ্যেই পরিবেশ পানিসম্পদ ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার ( ২৬অক্টোবর) থেকে রাজধানী রিয়াদে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ উৎসব-কর্মসূচি। এই কর্মসূচি চলবে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। খবর আল আরাবিয়া।
উৎসবের প্রথম দিনেই বিভিন্ন জাতের অন্তত ৫০ হাজার বৃক্ষ রিয়াদের মরুভূমিতে রোপণ করা হয়েছে। এ সময় কমপক্ষে দেড়হাজার কৃষিবিদ বৃক্ষরোপণ উৎসবে অংশ নিয়েছিলেন। বাবলা গাছসহ স্থানীয় পরিবেশ উপযোগী কয়েক জাতের বৃক্ষ রোপণ করা হয়েছে। এই আয়োজন সহযোগিতায় রয়েছে ৩৭ টি সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।
এ প্রসঙ্গে পরিবেশ বিষয়ক মন্ত্রী আব্দুর রহমান ফাজলি বলেন,পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং মরুভূমিকে সবুজায়নের ক্ষেত্রে আমাদের দুর্দান্ত এই পদক্ষেপ আশা করি সফল হবে। এছাড়াও মন্ত্রী সকল সৌদি নাগরিককে গোটা দেশের মরুভূমিতে বৃক্ষরোপণের জন্য আহবান জানান।
