আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ডলার ব্যবহার না করে ছয়টি নতুন ইউরোপীয় দেশের সঙ্গে ইরানের বাণিজ্যবিনিময় সহায়তার কলাকৌশলে (ইনসটেক্স) যোগ দেয়ার ঘটনাকে শনিবার স্বাগত জানিয়েছে প্যারিস, লন্ডন ও বার্লিন। খবর এএফপির।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইনসটেক্সে যোগ দিতে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে বাণিজ্যবিনিময়ের কলাকৌশলের প্রতিষ্ঠাতা অংশীদার হিসেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য স্বাগত জানাচ্ছে।
ইরানকে তেল বিক্রিসহ অন্যান্য পণ্য রফতানি ও বিনিময়ের সুযোগ দিতে ‘নিকাশ-ঘর’ হিসেবে কাজ করছে প্যারিসভিত্তিক ইনসটেক্স। তবে এ ব্যবস্থার অধীন এখন পর্যন্ত কোনো বিনিময় ঘটেনি বলে খবরে জানা গেছে।
এই ছয় দেশের অন্তর্ভুক্তিতে ইনসটেক্স আরও শক্তিশালী হবে এবং ইরান ও ইউরোপের মধ্যে বৈধ বাণিজ্যবিনিময় চেষ্টা আরও জোরদার হবে বলে জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।
